পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামী নিহত, অস্ত্র-গুলি উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামী মোহর আলি (৩৪) নামের এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ মার্চ) রাত তিনটার দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মনি পার্কের পাশের রাস্তায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মোহর আলি দৌলতপুর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মোঃ তহিদুল ইসলাম হাদুর ছেলে।
ভেড়ামারা থানার ওসি তদন্ত জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উপজেলার বাহির চর ইউনিয়নের মনি পার্কের পাশের রাস্তায় একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশে একটি টিম সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে, আত্বরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে কিছুক্ষন পরে ডাকাতরা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় মোহর আলিকে পড়ে থাকতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহর আলিকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বিদেশি পিস্তল, ২রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
মোহর আলির বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। নিহত মোহর আলির লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমকে