ইবিতে বর্ণাঢ্য আয়োজনে লোকপ্রশাসন দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোকপ্রশাসন দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। “দুর্নীতি মুক্ত শাসন প্রতিষ্ঠা করবে লোকপ্রশাসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইবিতে দ্বিতীয় বারের মতো এ দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করে।

জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। এসময় বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সম্মানিত অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, লোকপ্রশাসন দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, বিভাগীয় অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, মুন্সী মুর্তজা আলী প্রমুখ। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষার্থী সাদিক ও শাম্মি। পরে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর