জনগনের পকেট কেটে বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার: ফখরুল

মানুষের পকেট কেটে তারা বিদ্যুতের দাম বাড়াচ্ছে। যদি কোনো পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ সরবরাহ না করে তবুও তাদের ভর্তুকি দিতে হবে, এই হচ্ছে তাদের চুক্তি। পানি ও বিদ্যুতের দাম না কমালে জনগণের উত্তাল তরঙ্গে এ সরকার ভেসে যাবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।

মঙ্গলবার (০৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের আমলে পানির দাম পাঁচবার বাড়ল। কিন্তু সে পানি মুখে দেয়া যায় না, খাওয়া যায় না। বিদ্যুতের দাম বেড়েছে আটবার। গতকাল জানলাম, প্রতি বছর ৫১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এই টাকা জনগণের, বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে নেয়া হচ্ছে।

বিদেশে হাজার কোটি টাকা পাচার করা হয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, কুইক রেন্টালের নামে জনগণের টাকা লুট করা হয়েছে। সে লুটপাটের সমন্বয় করতে এখন আবার জনগণের পকেট কাটতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বাড়ছে। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই সবকিছুর দাম বাড়ানো হচ্ছে। অত্যাচারের স্টিমরোলার মেনে নেবে না জনগণ। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন, গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার যে ব্লাড পরীক্ষা হয়েছে সেখানে তার ফাস্টিং সুগার হচ্ছে ১৪.৫। চিন্তা করা যায় না। ১৪.৫ যদি তার নিয়মিত সুগার হয় তাহলে সেটা তার হার্ডে এফেক্ট করতে পারে, কিডনিতে এফেক্ট করতে পারে বা লাঞ্চে এফেক্ট করতে পারে।

এদিকে ‘ভারত থেকে অনেককে বাংলাদেশে পাঠানোর পাঁয়তারা চলছে’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নতজানু পুতুল সরকার ক্ষমতায় থাকায় এ বিষয়ে কিছুই বলছে না ক্ষমতাসীনরা। তিনি বলেন, জনগণের অধিকার, স্বাধীনতা বিক্রি করে দিচ্ছে সরকার। স্বাধীনতা, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর