চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ৮৩০ কার্টন বিদেশি সিগারেট। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এসমস্ত সিগারেট জব্দ করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার ‘জি ৯-৫২৮’ ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালায় বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দা টিম।
এ সময় ফটিকছড়ির মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ মামনুর মিয়া ও মোহাম্মদ রোকন উদ্দিনের ব্যাগেজ থেকে ইজি ব্রান্ডের ৮৩০ কার্টন সিগারেট জব্দ করা হয়। জানা যায় প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা। জব্দ করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় প্রতিনিয়ত একের পর এক বিদেশি সিগারেট ও স্বর্ণ চোরাচালানের চেষ্টা অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারী ৭০৫ কার্টন সিগারেট সহ তিনজন, ২৭ ফেব্রুয়ারী ১১ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটে আবুধাবি থেকে আসা যাত্রী সোহেল রানার কাছে ৩০০ কার্টন, মোহাম্মদ সেলিমের কাছ থেকে ২৬০ কার্টন, মোহাম্মদ ইমতিয়াজের কাছ থেকে ১৯০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ও এয়ার এরাবিয়ার জি ৯-৫২৮ ফ্লাইটে দুবাই ও শারজাহ থেকে আগত ৫ বাংলাদেশি যাত্রীর ব্যাগেজ থেকে বিভিন্ন অনুপাতে সর্বমোট ৯৪৫ কার্টন ইজি লাইট, 303 ও মন্ড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। যার বাজর মূল্য আনুমানিক ১৯ লাখ টাকা।
১৪ ফেব্রুয়ারী ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ ইব্রাহীম হতে ৩০০ কার্টন, ০৬ জানুয়ারি বেলা ১২টার দিকে মোহাম্মদ কামাল নামে দুবাই ফেরত এক প্রবাসীর কাছ থেকে ১৮১ কার্টন সিগারেট সহ ৩টি মোবাইল ও একটি আইপ্যাড, ২৪ জানুয়ারী সকাল সাড়ে নয়টায় দুবাই থেকে আসা হানিফ হতে ২১৩ কার্টন সিগারেট জব্দ করেছে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও কাস্টমস ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট।
বার্তাবাজার/কেএ