গাজীপুরে বালুবাহী ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ইমন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। নিহত ইমন নিজেই পিকআপটি চালাচ্ছিলেন।
মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ৬টার দিকে নগরীর পোড়াবাড়ী র্যাব ক্যাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন নেত্রকোনার পূর্বধলা থানার কুমারকান্দা এলাকার বিল্লালের ছেলে। তিনি পিকআপ চালকের সহকারী (হেলপার) হলেও গাড়ি চালাচ্ছিলেন। আহত দেলোয়ার ও লাল মিয়ার বাড়ি একই এলাকায়। তারা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
গাজীপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, লাউ ও ডাব ভর্তি পিকআপ চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন ইমন। পথে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে পিকআপটি ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এ সময় চালকের সিটে বসা হেলপার ইমন ঘটনাস্থলেই নিহত হন এবং তার শরীর পিকআপে আটকে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের সামনের অংশ কেটে ইমনের মরদেহ উদ্ধার করে।
বার্তাবাজার/এমকে