গ্রেফতারকৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নুর পাপিয়া ওরফে পিউ সম্পর্কে তথ্য জানতে চেয়ে ওয়েস্টিন হোটেলে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হোটেল কর্তৃপক্ষকে গতকাল(সোমবার) বিকেলে চিঠি দেন দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ।
বিষয়টি নিশ্চিত করে দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, চিঠিতে জানতে চাওয়া হয়েছে ওয়েস্টিন হোটেলে পাপিয়া এ পর্যন্ত কতদিন ছিলেন এবং সেখানে কত টাকা বিল দিয়েছেন তা নিয়েও জানতে চাওয়া হয়েছে। এছাড়া পাপিয়ার কাছে আসা ব্যক্তি ও হোটেলে অবস্থানকারীদের বিষয়েও তথ্য চাওয়া হয়েছে। অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনে ওই সময়ের ভিডিও রেকর্ডও চাওয়া হতে পারে।
সূত্র জানায়, কারা ওই জায়গায় আসা-যাওয়া করত তাদের নামসহ পদ-পদবি উল্লেখ করে আগামী ৫ কার্যদিবসের মধ্যে দুদকে তথ্য দেয়ার কথা বলা হয়েছে চিঠিতে। এর আগে ২২ ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে গ্রেফতারের পর আলোচনায় এলে পাপিয়ার অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। দুদকের উপ-পরিচালক শাহিন আরাকে এ বিষয়ে দায়িত্ব দেয়া হয়।
বার্তাবাজার/কেএ