ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে শিক্ষার্থীদের টানা ২৭তম দিনের অবস্থান কর্মসূচি চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)।
টানা আন্দোলনের ২৬ দিন পার হলেও এখনও আলোর মুখ দেখেনি বিভাগটি৷ ইউজিসি কর্তৃক ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও তাদের থেকে এখনও কোনো তদন্ত রিপোর্ট বা আশ্বাস আসেনি৷
এর আগে ২১ শে ফেব্রুয়ারী এক সংবাদ সম্মেলনে আগামী ৫ মার্চের ভিতর ইতিহাস বিভাগের অনুমোদন প্রদান না করা হলে ৬ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয় ঘেরাও এর হুশিয়ারি দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা। আর সেই নির্ধারিত সময়ের বাকি মাত্র ২দিন৷
এব্যাপারে ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী কারিমুল জানায়, “আমরা আগামী ৫ তারিখের ভিতর বিভাগ অনুমোদনের জন্য একটি আল্টিমেটাম দিয়ে ২০ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আকারে জমা দিয়েছিলাম এবং তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা গ্রহন করে সম্মতি জানিয়েছিল। এর ভিতর যদি অনুমোদন আমরা না পাই তাহলে আগামী ৫ মার্চ দুপুর ২টার পর আমাদের কঠোর যে কার্যক্রম আছে সবগুলো আমরা ফলো করবো এবং আশা করবো বশেমুরবিপ্রবির সকল শিক্ষার্থী আমাদের সাথেই থাকবে৷”
উল্লেখ্য, বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন ২০১৭ সালে ইউজিসির অনুমোদন ছাড়াই ইতিহাস বিভাগের শিক্ষাকার্যক্রম শুরু করেন। প্রায় তিন বছর পর চলতি বছরের ৬ ফেব্রুয়ারী ইউজিসির পক্ষ থেকে বিভাগটিতে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি না করানোর নির্দেশনা প্রদান করা হয়।
ইউজিসির সিদ্ধান্তের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারী রাত থেকেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
বার্তাবাজার/এমকে