বহুল আলোচিত রিফাত হত্যা মামলার আদালত পরিবর্তন চেয়ে আয়শা সিদ্দিকা মিন্নির করা আবেদনের ওপর শুনানি হবে আজ।
মঙ্গলবার (০৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি করে আজ (মঙ্গলবার) দিন নির্ধারণ করেন আদালত। ওই দিন আদালতে মিন্নির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম।
গত ৯ ফেব্রুয়ারি মিন্নির মামলাটি বরগুনার দায়রা জজ আদালত থেকে ঢাকার দায়রা জজ আদালতে বদলির জন্য হাইকোর্টে আবেদন জানানো হয়।
তবে এর আগে গত ২১ জানুয়ারি রিফাত শরীফ হত্যা মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও মামলা বাতিল চেয়ে রিফাতের স্ত্রী মিন্নির করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিলেন হাইকোর্ট।
মিন্নির আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একই বেঞ্চের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের আদালত আবেদনটি খারিজ করেছিলেন।
বার্তাবাজার/এমকে