করোনা ভাইরাস (কভিড-১৯) সন্দেহে গত ২৪ ঘণ্টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন। তিন দিন আগে একজন চীনা নাগরিকও করোনা সন্দেহে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বিষয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ-এর সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।
২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ৬ জন হাসপাতালে ভর্তি প্রসঙ্গে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, রোগী ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষার পর করোনা না পেলে তারা চলে যান।
চীনা নাগরিকের বিষয়ে আইইডিসিআর পরিচালক বলেন, হয়ত তিনি নমুনা পরীক্ষা শেষে চলে গেছেন। তিন দিন আগে করোনা সন্দেহে কুয়েত মৈত্রী হাসপাতালে ইরান ফেরত একজন পিএইচডি হোল্ডারও ভর্তি হয়েছেন বলে বিমানবন্দর সূত্র জানায়। তবে ভর্তি রোগী সম্পর্কে আইইডিসিআর থেকে কোন তথ্য পাওয়া যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সর্বশেষ রিপোর্টে জানায়, বিশ্বে আক্রান্ত দেশগুলোতে এখন পর্যন্ত ৮৭ হাজার ১৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে নতুন রোগী আছেন ১ হাজার ৭৩৯ জন। এ রোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস