চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় টানা ৩৩দিন ডিউটি পালন করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবার প্রাণ হারালেন দেশটির আরও এক চিকিৎসক। সোমবার চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনের সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, শুক্রবার ভোররাতের দিকে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক ঝং জিনজিং (৩২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। গত ২৬ জানুয়ারি থেকে কোনও ধরনের ছুটি নেয়া ছাড়াই টানা চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন এই চিকিৎসক। করোনার চিকিৎসা সেবাদানকারী জিনজিংয়ের পরিবারে ছয় বছর বয়সী এক কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে।
চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংশি প্রদেশের লিংফেং শহরের একটি ক্লিনিকের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন চিকিৎসক ঝং জিনজিং। নতুন করোনাভাইরাসের নিয়ন্ত্রণ ও প্রতিরোধের দায়িত্বে থাকা লিংফেং টাউন ক্লিনিকের মেডিক্যাল কর্মীদের সমন্বয়ে গঠিত টিমের উপপ্রধানও ছিলেন তিনি।
বার্তা বাজার / ডব্লিও.এস