পাপিয়ার ‘অন্ধকার জগৎ’ নিয়ে দলের নেতা-কর্মীরা কিছুই জানতো না?
সদ্য বহিষ্কৃত নরসিংদী জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউর অন্ধকার জগৎ সম্পর্কে দলের অধিকাংশ নেতাকর্মীরা অন্ধকারে ছিলেন। বিদেশে পালিয়ে যাওয়ার সময় র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর পাপিয়ার পাপের সম্রাজ্য নিয়ে একের পর এক তথ্য বেরিয়ে আসছে। পাপিয়ার এসব অপকর্ম বের হয়ে আসার পর নরসিংদীর আওয়ামী রাজনীতির নেতা-কর্মীরা বলছেন- তারা এসব বিষয়ে জানতেন না।
গ্রেফতার হওয়ার পর পাপিয়া ওরফে পিউর বিরুদ্ধে স্থানীয় জনগণ মুখ খুলতে শুরু করেছে। তার বিষয় নিয়ে কথা বলেছেন নরসিংদী তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
নরসিংদী শহর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার সাহা বলেন, এত অল্প সময়ে বিপুল পরিমাণ সম্পদের মালিক কেউ হতে পারে না। বৈধ উপায়ে কেউ বিপুল পরিমাণ সম্রাজ্য গড়ে তুলতে পারে না। রাতারাতি যারা আঙ্গুল ফুলে কলাগাছ বনে যায়, তাদের কোন বড় অপরাধ থাকে।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, বহিষ্কৃত যুবনেত্রী পাপিয়া রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। সেখানে অন্যায় অত্যাচার অবৈধপন্থা অবলম্বন করেই তারা বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন।
র্যাবের জিজ্ঞাসাবাদে পাপিয়ার অনেক অপকর্মই বেরিয়ে আসছে। অল্প বয়সী মেয়েদের চাকরি দেয়ার কথা বলে ঢাকায় এনে অনৈতিক কাজে বাধ্য করতো বলে র্যাবের জিজ্ঞাসাবাদে পাপিয়া জানিয়েছে।
নরসিংদী জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, পাপিয়া আর তার স্বামীর চালচলন সবার কাছেই সন্দেহজনক ছিল। তিনি বলেন, পাপিয়া দম্পতির পোশাক ও দামি দামি গাড়ি নিয়ে চলাচল এলাকাবাসীর মধ্যে ছিল ব্যাপক আলোচনা ও সমালোচনা। ভয়ে কেউ মুখ খুলছে না। তার আয়ের উৎস সম্পর্কে সব সময় ধোঁয়াশা ছিল।
জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিবুল ইসলাম মিন্টু বলেন, পাপিয়া ও সুমনের সঙ্গে ছাত্রলীগের কারও ব্যাক্তিগত সম্পর্ক থাকতে পারে। তবে জেলা ছাত্রলীগের কোন সম্পর্ক নেই।
নরসিংদী জেলা যুব মহিলা লীগের সভাপতি তৌহিদা সরকার রুনা পাপিয়ার অপকর্ম সম্পর্কে অবগত ছিলেন না জানিয়ে বলেন, মহিলা যুবলীগের কমিটিতে ছয় বছর ধরে পাপিয়া ও আমি একসঙ্গে রয়েছি। বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছি। তবে তার অপকর্মের তথ্য গ্রেফতারের পরই জানতে পেরেছি।
নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভুঁইয়া সাংবাদিকদের জানান, খারাপ লোকের অপকর্মের দায় কখনো আওয়ামী লীগ বহন করবে না। যারা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অন্যায়, অপরাধমূলক কাজ করে দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে দল ও আইন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বার্তা বাজার / ডব্লিও.এস