ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ
ভারতে মুসলমানদের উপর নির্যাতন, নির্মম হত্যা ও মসজিদে অগ্নি সংযোগের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকালে উপজেলার গোপালপুর বাজারে দক্ষিণ আলফাডাঙ্গার সকল ধর্মপ্রাণ মুসলমানগণ নামের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে বাজারের চৌরাস্তা প্রাঙ্গণে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে গোপালপুর বাজার জামে মসজিদের খতিব ও গোপালপুর হাফেজিয়া গোরস্থান মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিঠাপুর মাদ্রাসার মোহতামিম হাফেজ মুফতি মাওলানা মো. সিরাজুল ইসলাম, চান্দড়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আমিনউল্লাহ্ ও গোপালপুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ ওবায়দুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা মুসলমানদের উপর নির্যাতন ও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারতে মুসলমানদের উপর হামলা ও নির্যাতন করা হলেও ভারতীয় সরকার কোন পদক্ষেপ নিচ্ছেনা। বিশ্বের যেকোন মুসলমানদের উপর হামলা হলে আমরা তার প্রতিবাদ করে যাব। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে মোদী বাংলাদেশে আসলে তাকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন বক্তারা। সবশেষ বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেন।
বার্তা বাজার / ডব্লিও.এস