প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় তরুণীকে ফেরৎ পাঠালো বিজিবি

প্রেমের সম্পর্কের কারণে বাংলাদেশি এক তরুণের হাত ধরে ভারত থেকে বাংলাদেশে আসে ভারতীয় তরুণী শিউলি খাতুন। অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলেও প্রেমিকের সাথে বাস করা হয়নি তার। অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে বিষয়টি অবহিত করলে বিজিবি বিষয়টি সমাধানে তৎপর হয়ে ওঠে।

অবশেষে ওই ভারতীয় তরুনীকে উদ্ধার করে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে বিজিবি। সোমবার (২ মার্চ) বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই তরুণীকে হস্তান্তর করা হয়।

বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল তৌহিল-উল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় ওই তরুণীর নাম শিউলি খাতুন। সে ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার থরাইখানা গ্রামের সুবেদ শেখের মেয়ে বলে জানায় বিজিবি।

বিজিবি জানায়, গত ২৯ ফেব্রুয়ারি ভারতীয় নাগরিক শিউলি খাতুনকে প্রেমের সম্পর্কের জের ধরে বাংলাদেশের ফুলবাড়ী উপজেলার গংগারহাটের মোঃ রুবেন শেখ (২০) বাংলাদেশে নিয়ে আসে। ভারতীয় ওই তরুণীর পরিবারের সদস্যরা বিষয়টি বিএসএফকে জানালে বিএসএফ তা বিজিবিকে অবহিত করে ভারতীয় তরুণীকে ফেরত পাঠাতে অনুরোধ জানায়।

পরে বিজিবি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সহায়তায় সোমবার (২ মার্চ) দুপুরে ফুলবাড়ীর গংগাহাটের অজোয়াটারী গ্রামের সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনের বাড়ী থেকে ভারতীয় তরুণী শিউলিকে উদ্ধার করে। ভারতীয় তরুণীকে উদ্ধারের পর সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে ওই তরুনীকে বিএসএফ’র কাছে হস্তান্তর করে বিজিবি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর