করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে কমিটি গঠন

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়। রোববার (১মার্চ) এ কমিটি গঠন করা হয়।

মাঠ প্রসাশন মন্ত্রিপরিষদ বিভাগের আওতায় থাকায় জনপ্রসাশন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে গঠিত ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির সভাপতি করা হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে। অন্যদিকে ১০ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সভাপতি করা হয়েছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। জেলা কমিটিতে উপদেষ্টা হিসেবে থাকবেন স্থানীয় সাংসদ এবং জেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা কমিটিতে উপদেষ্টা হিসেবে থাকবেন স্থানীয় সাংসদ এবং উপজেলা চেয়ারম্যান।

জেলা কমিটিতে সদস্য সচিব থাকবেন সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা উপজেলা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

জেলা কমিটিতে সদস্য হিসেবে থাকবেন, পুলিশ সুপার, মেডিকেল কলেজ/সদর হাসপাতালের পরিচালক বা তত্ত্বাবধায়ক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক।

উপজেলা কমিটিতে সদস্য হিসেবে থাকবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট পৌর মেয়র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর