ওয়ানডের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশের মুখ দেখল ভারত। নিউজিল্যান্ড সফরটি ব্যাট হাতে নিজেকে প্রমান করতে পারেননি বিরাট কোহলি। তাই নিজের পারফরম্যান্স নিয়েও বিরক্ত ভারতের অধিনায়ক।
তাইতো এমন হারের পর এবার সংবাদ সম্মেলনে মেজাজ হারিয়ে সংবাদের শিরোনাম হলেন ভারতীয় কাপ্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ফরম্যাটে হোয়াইটওয়াশ হওয়ার পরও সংবাদ সম্মেলনে বেশ ভালো ভাবেই উত্তর দিচ্ছিলেন কোহলি। তবে এক সাংবাদিকের আচমকা প্রশ্নে মেজাজ হারিয়ে বসেন তিনি।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন। জনৈক সাংবাদিক বলেন, ‘বিরাট, মাঠে আপনার ব্যবহার যেমন উইলিয়ামসন (কিউই অধিনায়ক) যখন আউট হলেন এবং দর্শকদের উদ্দেশে অশালীন ও ইঙ্গিতপূর্ণ আচরণ করা, এসব নিয়ে আপনার প্রতিক্রিয়া কি?’
ফিরতি উত্তরে কোহলি বলেন, ‘আপনার কি মনে হয়?’ সেই সাংবাদিক আবার জিজ্ঞেস করেন, ‘প্রশ্নটা আমি আপনাকে করেছি?’ প্রতি উত্তরে কোহলি বলেন,’উত্তরটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি।’ সেই সাংবাদিক বলেন, ‘আপনার আরও ভালো উদাহরণ স্থাপন করা উচিৎ।’
এরপর কোহলি রেগে গিয়ে বলেন, ‘যা হয়েছে আপনাকে সেটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং এরপর আরও ভালো প্রশ্ন করতে হবে। আপনি এখানে অর্ধেক প্রশ্ন এবং যা হয়েছে তার অর্ধেক ঘটনা নিয়ে আসতে পারেন না। আর আপনি যদি বিতর্ক সৃষ্টি করতে চান তাহলে তার জন্যে এটা সঠিক জায়গা নয়। আমি ম্যাচ রেফারির সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলেছি। যা হয়েছে সেটাকে তিনি কোনো ইস্যু হিসেবে ধরছেন না। ধন্যবাদ।’
বার্তাবাজার/কেএ