গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলা করেছে দূর্বৃত্তরা।
রোববার (১ মার্চ) রাত পৌনে ৮টার দিকে কলেজ মসজিদের সামনে এ হামলার শিকার হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, তিনি কলেজের কোয়ার্টারে অবস্থিত বাসা থেকে ঈশার নামাজ আদায় করার জন্য কলেজ মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মসজিদের কাছে পৌঁছালে কাপড় দিয়ে মুখ বাঁধা দুইজন যুবক দৌড়ে এসে বস্তা দিয়ে আমার মুখ ঢাকার চেষ্টা করে। কিন্তু আমার সাথে তাদের ধস্তাধস্তির এক পর্যায় তারা লাঠি দিয়ে আমার মাথা, হাত এবং পায়ে আঘাত করে।
তিনি আরো বলেন, আমার চিৎকারে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে আমাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি ‘বার্তা বাজারকে’ বলেন, স্যার বাসা থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একদল মুখোশধারী যুবকরা অতর্কিত এ হামলা চালায়। স্থানীয় হাসপাতাল থেকে স্যারকে রাতে গোপালগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসাপাতালে নেওয়া হয়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/এমকে