কয়েলের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মশার কয়েলের আগুনে এক কৃষকের গোয়ালঘরে রাখা তিনটি গরু, দুইটি খাসি, আঠারোটি মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে আরো ২টি গরু ও ৪টি খাসি মারাত্মক আহত হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১ মার্চ) রাত ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের বাসিন্দা সিরাজ মোল্যার বাড়ীতে এ ঘটনা ঘটে।

ছবি: বার্তা বাজার

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে মশার উপদ্রব বেশি থাকায় গোয়ালঘরে মশাল কয়েল জ্বালিয়েছিল সিরাজ মোল্যা। পরে কয়েল থেকে গোয়াল ঘরের পাটকাঠিতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।

পরে পরিবারের লোকজনের আর্তচিৎকারে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোয়ালঘরে থাকা তিনটি গরু, দুইটি খাসি ও আঠারোটি মুরগি পুড়ে ছাই হয়ে যায়। বাকী ২টি গরু, ৪টি খাসি আগুনে পুড়ে মারাত্মক আহত হয়। অন্যদিকে ওই ঘরে থাকা প্রায় চার মণ ধান পুড়ে নষ্ট হয়ে যায়।

সিরাজ মোল্যা কাঁদতে কাঁদতে বার্তা বাজারকে জানান, ‘এ গরু-ছাগল আর ক্ষেতে খামারে কাজ করেই আমি আমার সংসার চালিয়েছি। চার সন্তানকে পড়ালেখা করিয়েছি। এ গরু ছাগলগুলো বিক্রি করে কিছু আসবাবপত্র কেনার ইচ্ছা ছিল। এখন আমি কি করব?’ এ অগ্নিকাণ্ডে প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান সিরাজ মোল্যা।

আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান বার্তা বাজারকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করার চেষ্টা করব।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর