দেশের সবচেয়ে বড় রক কনসার্টের টি-শার্ট, মগ ও পোস্টার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী
আগামি ৭ই মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় রক গানের কনসার্ট ‘জয় বাংলা’ কনসার্ট-২০২০। আসন্ন জয় বাংলা কনসার্টের টি-শার্ট, মগ ও পোস্টার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু রোববার গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এসব তুলে দেন।
এক বিবৃতিতে বলা হয়, প্রতি বছরের মতো এই বছরেও আগামী ৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। মুজিববর্ষ উপলক্ষে এবারের জয় বাংলা কনসার্ট পাবে ভিন্নমাত্রা। বনানীর আর্মি স্টেডিয়ামের এই কনসার্টে ৩৫ হাজারের মত দর্শক শ্রোতা অংশগ্রহন করে প্রতিবছর।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্মরণ করে দিনটি ঠিক করা হয়েছে। বরাবরের মতোই চলতি বছরে অনুষ্ঠিতব্য কনসার্টটির আয়োজন করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের প্রতিষ্ঠান ইয়াং বাংলা। মুজিববর্ষ উপলক্ষে এবারের কনসার্টে থাকছে আরও জমকালো আয়োজন।
এবারও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় বেশ কয়েকটি ব্যান্ড। কনসার্টে থাকছে অ্যাভয়েড রাফা, আরবোভাইরাস, ক্রিপটিক ফেইট, শূন্য, নেমেসিস, চিরকুট, মিনার, ভাইকিংস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, এফ মাইনর, এবং লালন।
এছাড়াও কনসার্টে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখানো হবে মনিটরে।
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশন খুব শিগগির শুরু হবে । নিবন্ধনের মাধ্যমে কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকছে।
বার্তাবাজার/এসজে