নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, ‘রাতের বেলা ডাকলে এখনো ২ লাখ লোক বের করতে ১ ঘণ্টা সময় লাগে। ওই ক্যাপাসিটি আমার আছে। ৭৯ সালে জিয়াউর রহমানকে আটকে রাখার লোক আমরা। কীভাবে আন্দোলন করতে হয় আর কীভাবে আন্দোলন ঠেকাতে হয় আমরা সেটা জানি।’
রবিবার (১ মার্চ) দুপুরে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমার কাছের লোক হলেও আপনারা কাউকে খাতির করবেন না। কোনো মাস্তান, বন্দুকবাজ ও লাঠিয়াল বাহিনীর আমার দরকার নেই। কারণ আমি নিজেই জানি, আমার থেকে বড় মাস্তান আর কেউ নাই।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে পুলিশ প্রশাসনের কিছু সংখ্যক লোকের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট।’
অতীতের কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘২০০১ সালের আগে পুলিশ ফোর্সের কাছে যত অস্ত্র না ছিল তার থেকে বেশি অস্ত্র একা আমার নিজের কাছেই ছিল। তবে আজকে আমার গাড়িতে অস্ত্র আছে কিনা তা আমি নিজেও জানি না। আমি সবসময় মনে করি আমি বিরোধী দল, আমি সাধারণ মানুষের দল।’
শামীম ওসমান বলেন, ‘রাতের বেলা ডাকলে এখনো ২ লাখ লোক বের করতে ১ ঘণ্টা সময় লাগে। ওই ক্যাপাসিটি আমার আছে। ৭৯ সালে জিয়াউর রহমানকে আটকে রাখার লোক আমরা। কীভাবে আন্দোলন করতে হয় আর কীভাবে আন্দোলন ঠেকাতে হয় আমরা সেটা জানি।’
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে কর্মরত অবস্থায় নিহত হওয়া পুলিশ সদস্যদের পরিবারকে সম্মননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
বার্তাবাজার/এমকে