চবি’তে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে ঘটেছে সংঘর্ষের ঘটনা। রোববার (১ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন সিএফসি ও সিক্সটি নাইনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ১৪-১৫ সেশনের শিক্ষার্থী ও সিএসি’র কর্মী হিসেবে পরিচিত আব্দুল্লাহ জুনায়েদ রেদোয়ান বিকেল ৪টার ট্রেনে বিশ্ববিদ্যালয়ে যান। ট্রেন থেকে নামার পরপরই তার উপর ‘সিক্সটি নাইন’ এর কয়েকজন কর্মী অতর্কিত হামলা চালায় এবং তাকে মারধর শুরু করে।

জুনায়েদকে মারার খবর ছড়িয়ে পরলে সিএফসি গ্রুপের অনুসারীরা ঘটনাস্থলে জড়ো হয়ে পাল্টা আক্রমণ চালায়। যার এক পর্যায়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি আক্রমণ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয় এবং মারামারিতে কয়েকজন আহত হন। পরে বিশ্ববিদ্যালয় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে সিক্সটি-নাইনে গ্রুপের নেতা ও চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, যা কিছু হয়েছে তা জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝির দরুন হয়েছে। আমরা বিষয়টা সমাধান করার চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান জানান, দুপুর আড়াইটার টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের শান্ত করার চেষ্টা করলেও তারা একাধিকবার মারামারি করে। মারামারিতে কয়েকজন আহতও হয়েছে। বর্তমানে বিষয়টা মীমাংসার পথে। আগামীকাল বিস্তারিত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আহতদের মধ্যে যে ৬ জনের নাম পাওয়া যায়। তারা হলেন, সিএফসি’র অনুসারী ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ জুনায়েদ রেদোয়ান, ক্যামিস্ট্রি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মেহরাব উদ্দিন মিনহাজ ও বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শিশির এবং সিক্সটি-নাইনের অনুসারী পদার্থবিদ্যা বিভাগের ১৬-১৭ সেশনের মাহফুজ, পরিসংখ্যান বিভাগের একই বর্ষের রিসাদ ও ১৮-১৯ সেশনের মিল্টন। আহতরা বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানায় বিশ্বিবদ্যালয় পুলিশ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর