গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নস্যাত হলো অবৈধ গ্যাস সংযোগ গ্রহন

ঢাকার সাভারের আশুলিয়ায় একের পর এক অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করে চলেছে তিতাস গ্যাস এর সাভার জোনাল বিপনন অফিস। এর ভিতরেও একটি অবৈধ চক্র তিতাসের মূল লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে নিজেরা লাভবান হচ্ছে। ফলে গ্যাসের অপচয়ের পাশাপাশি সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

রবিবার (১ মার্চ) সরেজমিন সাভারের আশুলিয়ার গৌরিপুর বি-বাংলা এলাকায় গিয়ে, মিয়াজউদ্দিন নামের একজন যাকে ইতোপূর্বে ভ্রাম্যমান আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ গ্যাস সংযোগ নিয়ে তার কলোনীতে ব্যবহার করার দায়ে জরিমানা করেছিলেন, তার সেই একই কলোনিতে পুনরায় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহনের জন্য মেইন রাইজার থেকে চারটি গ্যাস সংযোগ এর চাবি স্থাপন করেছে দেখতে পাওয়া যায়।

এই প্রতিবেদক দল ঘটনাস্থলে গেলে মিয়াজউদ্দিনের কলোনীর ম্যানেজার জানান, আজই (রবিবার) ড্রেনের পিটের নিচে চারটি গ্যাস সংযোগ এর চাবি লাগানো হয়েছে। আর বাড়ির মালিকের নির্দেশেই দুলাল নামের একজনকে দিয়েই এই অবৈধ সংযোগ এর প্রাথমিক ধাপ শেষ করেছেন বলেও ভিডিও বক্তব্যে জানান তিনি।

ম্যানেজার পরে এই অবৈধ গ্যাসের চাবিগুলি ড্রেনেজ পিট এর নিচে স্থাপন করা হয়েছে তা দেখান। আর এই চাবিগুলির লাগানোর কাজ করেছে যে দুলাল সে জানায়, এই কাজ সে কলোনীর মালিক ও ম্যানেজারের নির্দেশে করেছে।

এব্যাপারে ওই কলোনির মালিক মিয়াজউদ্দিন জানান, আমার গ্যাস সংযোগ এর কাগজপত্র সব তিতাসের অফিসে জমা দেয়া আছে। আর আগেও আমি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের কারণে আমি ৯ লক্ষ টাকা জরিমানা দিয়েছি। এখন আমার কোনো বৈধ সংযোগ নেই।

তবে, নতুন করে গ্যাস সংযোগ গ্রহনের জন্য চাবি কেন লাগিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, আগেই লাগিয়ে রাখলাম, যখন বৈধ সংযোগ দেবে তখন ওটা ব্যবহার করবো। এই প্রতিবেদক ফিরে আসার পথে দেখতে পান যে, অবৈধ গ্যাস সংযোগ এর জন্য ড্রেণের পিট এর নিচে যে চারটি চাবি লাগানো হয়েছে, ম্যানেজারের নেতৃত্বে তা খুলে ফেলা হচ্ছে।

এছাড়া, স্থানীয় ম্যাকসন্স কারখানার এজিএম ইঞ্জিনিয়ার আশ্রাফ উদ্দিনের একটি দোতলা সেমি পাকা টিনশেড বাড়িতে বৈধ সংযোগ এর বাইরে অতিরিক্ত চুলা জ্বালানো হচ্ছে বিশেষ সূত্র থেকে এমন তথ্যের সরেজমিন অনুসন্ধানে গিয়ে দেখা যায়, উপরোক্ত ব্যক্তির বাড়ির নিচতলার গ্যাস সংযোগ থেকে জি আই পাইপের ভিতরে প্লাস্টিকের হোসপাইপ দিয়ে উপরের দুইটি ইউনিটে মোট চারটি চুলা জ্বালানো হচ্ছে।

এব্যাপারে মুঠোফোনে বাড়ির মালিক ইঞ্জিনিয়ার আশ্রাফ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার বাড়িতে ব্যবহৃত গ্যাস সংযোগ বৈধ। এসময় তার বৈধ গ্রাহক নাম্বার চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের নিকট তা দিতে অপারগতা প্রকাশ করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম ছুটিতে থাকায় বর্তমানে দায়িত্বপ্রাপ্ত এই অফিসের উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ এর মুঠোফোনে লাগাতার কল করা হলেও তিনি রিসিভ না করায় এব্যাপারে তিতাস কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর