সম্প্রতি বিদ্যুৎ ও পানি নিয়ে করা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ‘তারা এখন জনগণের কথা ভাবে না, এখন বেগমগঞ্জে বাড়ি, কানাডায় বাড়ি, ইংল্যান্ডে বাড়ি, নিউইয়র্কে বাড়ি করা তাদের প্রায়োরিটি।’
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১লা মার্চ) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে করা ব্রিফিং এ তিনি এসব বলেন।
তিনি বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মানুষের দুঃখ কষ্ট বুঝার সাধ্য তাদের নেই। তাই পানি, বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে মানুষকে মেনে নিতে বলে। তাদের প্রত্যেকের ঘরে এখন হাজার হাজার কোটি টাকার পাহাড়।
তিনি আরও বলেন, জনগনের ম্যান্ডেট ছাড়া অস্ত্রের মুখে ক্ষমতায় এসে ওরা জনগনের দুঃখ দুর্দশা কখনই বুঝবে না। বুঝবে শূধু নিজের স্বার্থ আর গনতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার উপায়।
খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের ব্যাপারে তিনি জানান, আমরা জনগণের কাছে যাচ্ছি। ঐক্যবদ্ধ করছি। আমাদের বিশ্বাস জনগনই তাদেরে নেত্রীকে আন্দোলন করে মুক্ত করে আনবে।
বার্তাবাজার/এসজে