৯ বছরের শিশুকে ২২ বছরের যুবক বানিয়ে করা হলো মামলার আসামী

ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে ৯ বছরের শিশুকে ২২ বছরের যুবক বানিয়ে মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে এএসআই হেলাল চৌধুরীর নামে। হয়রানির শিকার শিশুটির নাম ইব্রাহিম। তাকে মামলার আসামী হয়ে এখন নিয়মিত আদালতে যেতে হচ্ছে জামিন লাভের জন্য। একই মামলায় ঘটনার সময় জেলে থাকা আব্দুস সাত্তার ও তার ছেলে জাবেদকেও ফাঁসানো হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় ভুক্তভোগী আব্দুস সাত্তার বাদী হয়ে এএসআই হেলালের নামে আদালতে মামলা করেছেন। মামলার আর্জিতে বলা হয়, গত বছরের ১৫ই অক্টোবর শাহেনা বেগম নামের এক নারী আব্দুস সাত্তারসহ ১০ জনের নামে সরাইল উপজেলা নিরবাহী অফিসারের কাছে একটি মিথ্যা অভিযোগ দেন। অভিযোগটি থানায় পাঠানো হলে সেটা গ্রহন করে তদন্তের ভার দেয়া হয় এএসআই হেলালের উপর। অভিযোগটি থানায় প্রেরন করার সময় মামলায় অভিযুক্ত সাত্তার ও তার ছেলে ছিল জেলে। কিন্তু এই বিষয়টি হেলালকে বলার পরেও তিনি তা শুনেন নি বরং গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছেন।

জানা যায়, আব্দুস সাত্তারের ছোট ভাই ছায়েদ মিয়ার স্ত্রী শাহেনা বেগম গত বছর ২৮ সেপ্টেম্বর পারিবারিক বিবাদে জড়িয়ে আব্দুস সাত্তারসহ আরও ৮ জনকে আসামী করে থানায় অভিযোগ দেন। মামলায় সবার বয়স বাড়িয়ে দেয়া হয়। আব্দুস সাত্তারের ভাই আবুল কাশেম আপন ভাইয়ের পক্ষ নেয়ায় তার নামেও ধর্ষণ চেষ্টার মামলা ঠুকে দেন শাহেনা বেগম। এই মামলায় আবুস সাত্তারের ছেলে ৯ বছর বয়সী ইব্রাহিমকে ২২ বছরের যুবক হিসাবে দেখিয়ে আসামী করা হয়। ব্যক্তিগত আক্রোশে এএসআইকে কব্জা করে শাহেনা বেগম এই কাজ করেছে বলে অভিযোগ পরিবারটির।

আবুল কাশেম ও আব্দুস সাত্তার দুই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি । তারা এখন মামলার কারণে পালিয়ে বেড়ানোয় দুটি পরিবারেরই দিন কাটছে অর্ধাহারে অনাহারে।

এ ব্যাপারে শাহেনার শাশুড়ি আলেয়া বেগম জানান, বাড়ির দুই বৌ ঝগড়া লাগায় তা মীমাংসা করতে এসেছিল উনার ছেলে কাশে। কিন্তু এখন কাশেমও মামলার আসামী।

অপরদিকে মামলায় শাহেনা বেগমের শরীরে মারপিট করে জখমের কথা উল্লেখ থাকলেও ডাক্তারি রিপোর্টে তার কোনো প্রমাণ মিলে নি।

এ বিষয়ে এএসআই হেলাল চৌধুরী সঙ্গে কথা বলার জন্য তার মোবাইলে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।

সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, ওদের ভাষ্যমতে এটা কি মামলা হয় নাকি? এটা তো মামলা হওয়ার বিষয়ই না। ফালতু বিষয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর