এমন মৃত্যুর মিছিল এর আগে দেখেনি কেউ

আনন্দভ্রমন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় ৪ শিক্ষার্থীর। যাদের সবার বাড়ি ময়মনসিংহের গৌরিপুরে। প্রিয় সন্তানদের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

রোববার (১ মার্চ) সকালে গৌরীপুর শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে রাখা হয় চার ছাত্রের মরদেহ। এই বিদ্যালয়ে হৃদয় নবম শ্রেণীতে, আর আশরাফুল পড়ে ৮ম শ্রেনীতে। মাহবুব এবার দাখিল পরীক্ষা দিচ্ছে, আর ইয়াসিন পড়ে একটি কওমি মাদ্রাসায়।

সড়ক দুর্ঘটনায় নিহত চারজন। ছবি : বার্তা বাজার

হৃদয়, মাহবুব, ইয়াসিন আর আশরাফুল। এলাকার ভাই, বন্ধুদের সাথে পিকনিকে যান নেত্রকোণা জেলার সুসংস দূর্গাপুরে। পাহাড় নদী দেখে আনন্দে তুলেছেন অনেক ছবি। কে জানতো এই আনন্দই রুপ নিবে বিষাদে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৮ টায় দুটি পিকআপে করে ফিরছিলো হৃদয়, মাহবুব, ইয়াসিন আর আশরাফুলসহ ৩২ জন শিক্ষার্থী। যাদের সবাই শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং একজন স্থানীয় মাদ্রাসার ছাত্র। পিকনিক স্পট থেকে শিক্ষার্থীদের নিয়ে পিকআপটি কিছু দুর আসার পর দূর্গাপুর ভাঙ্গাপুল এলাকায় বালুবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে শিক্ষার্থীরা সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুই জনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য আহতদের ময়মনসিংহ মেডিকেলে পাঠালে আরো ১ জনের মৃত্যু হয়।

প্রিয় সন্তানদের হারিয়ে শোকে পাথর বাবা-মা। ছেলের স্বপ্ন ছিলো পুলিশ হবে, তাকে বলেছিলেন যতদুর পড়তে চাও তোমাকে পড়াবো। একমাত্র ছেলে হৃদয়ের মৃত্যুতে দিশেহারা বাবা রমজান আলী।

পিনিকের টাকা চেয়েছিলো বড় বোনের কাছে পিতৃহারা ইয়াসিন। বোন বারণ করেছিলো পিকনিকে না যেতে। টাকা না পেয়েও পিকনেগিয়ে লাশ হয়ে ফিরেছে ভাই। ভাইয়ের পায়ে বেড়ি দিতেন যদি জানতেন লাশ হয়ে ফিরবে।

ছবি : বার্তা বাজার

শান্তি প্রিয় শালীহাটি গ্রামের বাসিন্দাদের ঢল নামে স্কুল প্রাঙ্গণে। সবার চোখে মুখে শোকের ছায়া। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তারা বলছেন, এমন মৃত্যুর মিছিল এর আগে কখনও দেখেনি কেউ।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর বলেন, কারা শিক্ষার্থীদের এভাবে ঝুঁকিপূর্ণ যানবাহনে আনন্দ ভ্রমণে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বেলা সাড়ে ১১ টায় শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর