মনোনয়ন পত্র যাচাই বাচাইয়ের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে সাত মেয়রপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১মার্চ) সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে যাচাই-বাছাইয়ের পর মেয়র পদে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন ৯ জন।
মনোনয়ন বৈধ হওয়া সাত প্রার্থী হচ্ছেন– আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মঞ্জুর, ইসলামী ফ্রন্টের এমএ মতিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ।
চট্টগ্রাম সিটিতে ২৯ মার্চ নির্বাচন হবে। প্রথমবারের মত এবার এই সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। এবার মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ১১ জন। এর মধ্যে ৯ জন ফরম জমা দিয়েছিলেন। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ২২০ জন ফরম দাখিল করেছেন।
বার্তা বাজার / ডব্লিও.এস