কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে স্বামীর সঙ্গে অভিমান করে এক রোহিঙ্গা নারী আত্মহত্যা করেছেন। নিহত ওই নারীর নাম আনছার বেগম (২৫)। তিনি হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবির (ক্যাম্প নং ০২১) ই ব্লকের ওমানি সাইডের ছৈয়দ আমিনের স্ত্রী।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) এসআই মশিউর রহমান জানান, নিহত আনছার বেগম ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে স্বামীর অনুপস্থিতিতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আনছার বেগম।
এছাড়া তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান এসআই মশিউর রহমান।
স্থানীয়রা জানান, শনিবার সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে কাজে বেরিয়ে পড়েন ছৈয়দ আমিন। সন্ধ্যার পর বাড়িতে এসে আনছারী বেগমকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বার্তা বাজার / ডব্লিও.এস