রাজবধূ মেগানের শাড়ি পরা ছবি ভাইরাল

পরনে নীল-সবুজ শাড়ি। কপালে টিপ। পুরোপুরি বাঙালি সাজে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল।

শাড়ি আর টিপ পরা মেগানের এই ছবিটি তোলা হয়েছিল ২০১৭ সালের জানুয়ারিতে, যখন ওয়ার্ল্ড ভিশন নামে দাতব্য সংগঠনের কাজে কিছুদিনের জন্য ভারতে এসেছিলেন তিনি। তবে তখনও তিনি রাজবধূ হননি। অভিনয়ের জন্য জনপ্রিয় হলেও নিজের সেবামূলক কাজের জন্য বরাবরই পরিচিত ছিলেন মেগান। বেশ কিছু ছবি তখন তোলা হয়েছিলো। সেগুলিই এতদিন পর প্রকাশিত হল ব্রিটিশ ট্যাবলয়েডে।

ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেলের এই ছবিগুলো ব্রিটিশদের স্মৃতির ঝাঁপি খুলে দিয়েছে। মেগানের মধ্যে তার প্রয়াত শাশুড়ি ডায়ানার ছবি আরও যেন স্পষ্ট দেখতে পাচ্ছেন সাধারণ ব্রিটিশ নাগরিকরা।

মেয়েদের শৌচাগারের প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াকিবহাল করতে সেসময় মুম্বাই এবং দিল্লির কয়েকটি জায়গা পরিদর্শন করেছিলেন মেগান। এই ছবি যে স্কুলে তোলা হয়েছিল, সেখানে ছাত্রী এবং শিক্ষিকাদের সঙ্গে কথা বলে তৃপ্ত মেগান বলেছিলেন, স্কুলে শৌচাগার নির্মাণের পরই ছাত্রী ভর্তির সংখ্যা বেড়ে গিয়েছে।

মুম্বইয়ের বস্তিগুলি ঘুরে তিনি দেখেছিলেন সেখানে অনেক মহিলা নিজেরাই ঘরে ন্যাপকিন তৈরি করে কম টাকায় বিক্রি করছে স্থানীয় মেয়েদের কাছে। ভারত থেকে ঘুরে গিয়ে নিজের সেই পরিপূর্ণ অভিজ্ঞতার কথা লিখেছিলেন টাইম ম্যাগাজিনে বর্তমান রাজবধূ মেগান। ‌‌

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর