বরিশালের উজিরপুরে ইউনিয়ন পরিষদের এক মেম্বারের বিরুদ্ধে এক অসহায় বৃদ্ধার বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গিয়েছে। ভুক্তভোগী ফুলমালা বিশ্বাস একই ওয়ার্ডের মৃত মধু বিশ্বাসের স্ত্রী। অভিযুক্ত মেম্বারের নাম জোহান বাড়ৈ বিশু। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রাজাপুর গ্রামে।
ফুলমালা বিশ্বাস জানান, ২০১৭ সালের জুলাই মাসে বয়স্ক ভাতা্র তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে ৫০০ টাকা হিসেবে ২৪ মাসে মোট ১৫ হাজার টাকা ব্যাংকে জমা হয়। গত ২৪ ফেব্রুয়ারি ওই টাকা উত্তোলনের জন্য বিশু মেম্বার তাকে নিয়ে উজিরপুর কৃষি ব্যাংকের হারতা শাখায় যান। এরপর ব্যাংকের কাউন্টারে ফুলমালার আঙুলের ছাপ নিয়ে টাকা তোলে ঐ টাকা সমান দুই ভাগে ভাগ করে অর্ধেক টাকা দিয়ে তাকে বাড়িতে চলে যাওয়ার জন্য বলে।
বৃদ্ধা ফুলমালা টাকা গুনতে জানেন না বলে অন্য একজনকে দিয়ে টাকা গুনালে তিনি গুনে দেখেন সেখানে ৭ হাজার ৫০০ টাকা আছে। বাকি টাকা বিশু মেম্বারের কাছে চাইলে বিশু বলেন বাকি টাকা অন্য আরেকজনকে দিতে হবে।
বিষয়টি জানাজানি হয়ে গেলে বিশু মেম্বার ২৫শে ফেব্রুয়ারি রাতে ফুলমালার বাড়িতে গিয়ে তাকে জাগিয়ে তোলে সাদা কাগজে আঙুলের ছাপ নেয় এবং বলে দেয়, বাকি টাকা আগের নমিনিকে দিতে হবে।
এসব ঘটনা উল্লেখ করে ২৭ শে ফেব্রুয়ারি সমাজসেবা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে তা জানতে পারে বিশু মেম্বার। তখন বিশু মেম্বার বাড়িতে এসে এ বিষয়ে আর বাড়াবাড়ি না করতে ফুলমালাকে শাসিয়ে যান।
এ বিষয়ে বিশু মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার নামের অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি ফুলমালার সাথে তিনি ব্যাংকে যাননি বলেও দাবী করেন।
এ বিষয়ে জানতে সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক আজাদকে ফোনে পাওয়া যায়নি।
উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশাস জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ বিষয়ে অবগত আছেন বলে জানান।
বার্তাবাজার/এসজে