আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে হাতুরি পেটা

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ আজাদ শেখ (৪০) নামে একজনকে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত আজাদ শেখের স্ত্রী শাকিলা বেগম।

আহত আজাদ শেখের বাড়ি উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুচিয়াগ্রামের মো. সাইফার শেখ গংদের সাথে আহত আজাদ শেখের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো।

ওই বিরোধের জের ধরে গত ২৮ ফেব্রুয়ারী আনুমানিক রাত সাতটা ৩৫ মিনিটের দিকে মো. সাইফার শেখ (৫০), আকরাম শেখ(৬০), সোহরাব শেখ(২২), শাহিন শেখ(১৯), লিটন শেখ(৩৮), মিলন ওরফে দেওয়ান(৪০) সহ দুই- তিনজন বাঁশের লাঠি, লোহার রড, লোহার হাতুরি, হকিষ্টিক নিয়ে আহত আজাদ শেখের বাড়িতে গিয়ে আজাদ শেখের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও তাকে খুন করার উদ্দেশ্যে খোজাখুজি করতে থাকে।

এক পর্যায়ে রাত সাতটা ৫০ মিনিটের দিকে আজাদ শেখ চান্দড়া মসজিদের কাছে এলে প্রতিপক্ষরা গামছা দিয়ে তার মুখ বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পাশের মেহগনি বাগানে নিয়ে হাতপা বেঁধে হাতুরি ও লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে।

এসময় আজাদ শেখের শোরচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সাইফার গং আহত আজাদ শেখের পকেটে থাকা ১০ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে আজাদ শেখকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাইফার শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর