দীর্ঘ সাত মাস পর একদিনের ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কাল মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়।
কালকের ম্যাচ দিয়ে আবারো ওয়ানডে দলের নেতৃত্বে দেখা যাবে ম্যাশকে। গত ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সর্বশেষ অধিনায়কের দায়িত্ব পালন করেন মাশরাফি। সিলেটের মাটিতে অনুষ্ঠেয় এই ম্যাচের একাদশ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন নির্বাচকরা। এদিন ওয়ানডেতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম শেখের।
এছাড়াও একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন আরেক তরুণ তুর্কি আফিফ হোসেন ধ্রুব। সাব্বির রহমানের বদলী হিসেবে মাঠে নামবেন তিনি। অপরদিকে পিঠের ইনজুরি কাটিয়ে দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে আবারো দেখা যেতে পারে ওয়ানডে একাদশে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
বার্তাবাজার/কেএ