প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

লাগাতার তিন দিনের ধর্মঘট শেষে ফের কাজে যোগ দিয়েছেন চট্টগ্রাম বন্দরের বেসরকারি কনটেইনার ডিপোর প্রাইম মুভার, ট্রেইলার চালক ও শ্রমিকগণ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি জানান, আজ শনিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বন্দর ভবনে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, স্থানীয় সাংসদ এমএ লতিফ, বিকডা’র নেতৃবৃন্দ (বাংলাদেশ ইন ল্যান্ড কন্টেইনার ডিপো এসোসিয়েশন), প্রাইম মুভার মালিক সমিতির নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে শ্রমিকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রায় ৩ ঘন্টা আলোচনা শেষে আগামী ২১ দিনের মধ্যে শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলে আমরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।” উল্লেখ্য, গত বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকেই বেসরকারি ডিপোর প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা বেতন বৃদ্ধি ও নিয়োগপত্রের দাবিতে ধর্মঘটের ডাক দিলে বন্দর কার্য্যক্রমে চরম ব্যাঘাত ঘটে।

প্রায় পাঁচ শতাধিক প্রাইম মুভার ট্রেইলরের মাধ্যমে চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপো থেকে দৈনিক সাড়ে চার হাজার কন্টেইনার বন্দরে আনা নেওয়ার কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং আমদানি রপ্তানি বানিজ্য সহ দেশের অর্থনীতি ক্ষেত্রে বিরাট নেতিবাচক প্রভাব বিস্তার করে। যার তিন দিনেরও অধিক সময় পর আজ এক বৈঠকের মাধ্যমে শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর