রাজধানী ঢাকায় বিশেষ অভিযানে ৪২ ছিনতাইকারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন আজ (২৯শে ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী ও নতুন আভির্ভূত ‘সালাম’ পার্টির সক্রিয় সদস্য। গ্রেফতারকালে তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি ট্যাব ও ৭৪টি বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সাথে ছিনতাই করার কাজে ব্যবহৃত ১৩টি ধারালো ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।
তারা সবাই মহাখালী বাস টার্মিনাল, মহাখালী রেলক্রসিং, গুলশান-১, বনানী, বংশাল, চকবাজার, কলাবাগান, সাতরাস্তা, গুলশান লিংক রোড, নাবিস্কো, ধানমন্ডি, গুলিস্তান, যাত্রাবাড়ী সায়েদাবাদ, নিউমার্কেট, রামপুরা ব্রীজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরিহ পথচারীদের আটকে ছুরতি দেখিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যেত বলে তিনি জানান।
ছিনতাইয়ের উদ্দেশ্যে কোনো পথচারীকে সুবিধামত সময়ে সালাম দিয়ে খুব ঘনিষ্ঠজনের মত আচরণ করে চাকু দেখিয়ে সব ছিনিয়ে নেয়ার মত ভয়াভ অভিযোগও ওদের নামে আছে। যারা সালাম দিয়ে ছিনতাই করে তারা ‘সালাম পার্টি’ নামে পরিচিত।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, মোবাইলগুলো ছিনতাই করে বিভিন্ন দোকানে বিক্রি করা হলে দোকানীরা সেটা সরাসরি বিক্রি করে না। আলাদা আলাদা পার্টস বিক্রি করে যাতে তথ্যপ্রযুক্তির সাহায্যে ধরা না যায়।
ঢাকা শহরে চলমান অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
বার্তাবাজার/এসজে