সংবাদ সম্মেলনে মাশরাফিকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনার (মাশরাফি) কাছে যেসব বিষয় তুলে ধরা হয়, সেগুলো এখন অনেকটা আত্মসম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শেষ দশ ম্যাচে উইকেট নেই কিংবা পাঁচ ম্যাচে উইকেট নেই- ক্যারিয়ারে এমন অবস্থায় কখনও পড়েননি আপনি। এখন প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই কি বাড়তি অনুপ্রেরণা পাচ্ছেন?’
উত্তর দিতে গিয়ে যেন রেগে গেলেন মাশরাফি। তবে কণ্ঠে যতসম্ভব নমনীয়তা ধরে রেখেই প্রথমে উত্তর দিলেন খেলার মাঝে আত্মসম্মানের বিষয়টি পরিষ্কার করে। তিনি বলেন, ‘প্রথমত হচ্ছে আত্মসম্মান বা লজ্জা! আমি চুরি করি মাঠে? আমি কি চোর?’
‘খেলার সাথে লজ্জা, আত্মসম্মান আমি মেলাতে পারি না। এতো জায়গায় এতো চুরি হচ্ছে তাদের কোন লজ্জা নেই। আমি উইকেট না পেলে আমার লজ্জা লাগবে কেন, আমি কি চোর? মানে উইকেট আমি নাই পেতে পারি আমার সমালোচনা করবেন, সমর্থকরা করবে। লজ্জা পাওয়ার কি আছে?’- পাল্টা প্রশ্ন ছুড়েন মাশরাফি।
পরে উত্তরটাও নিজ থেকেই দেন। খেলার মধ্যে লজ্জার কোনো স্থান নেই বলেই ব্যাখ্যা করেন মাশরাফি। বিশেষ করে তিনি যখন নিজ দেশের হয়েই খেলছেন, তখন লজ্জা বা আত্মসম্মানের কোনো বিষয় আসার সুযোগ নেই বলেই মনে করেন টাইগার কাপ্তান।
মাশরাফি বলেন, ‘আমি তো বাংলাদেশের হয়ে খেলছি, অন্য কোনো দেশের হয়েতো না, তাহলে আমার লজ্জা পেতে হবে কেন? আমি পারিনি আমাকে বাদ দেবে, জিনিসটা তো সহজ। এখন কথা হচ্ছে যে লজ্জা, আত্মসম্মানবোধ আমি কার সাথে দেখাবো? আমি তো বাংলাদেশের হয়ে খেলতে নামছি। আমি কি বাংলাদেশের জনগণের বিপক্ষের মানুষ?’
বার্তাবাজার/কেএ