পরিচয় মিলল অজ্ঞাত পোড়া লাশের, হত্যাকারী আটক

পরিচয় মিললো সিংগাইরের তালেবপুর ইউনিয়নের চর গোলড়া গ্রামের চকে উদ্ধারকৃত আগুনে পুড়িয়ে দেয়া অজ্ঞাত লাশের। নিহত যুবক মানিকগঞ্জ সদর উপজেলার আব্দুল আলীর ছেলে আলিফ (২০)।

এহত্যা কান্ডের ঘটনায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একই গ্রামের জামাল মোল্লার ছেলে ইমরান (২১) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার সূত্রাপুর থেকে হত্যাকারীকে গ্রেফতার করা হয়।

সিংগাইর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন পিপিএম জানান, নিহত আলিফ মানিকগঞ্জ সদর উপজেলার আব্দুল আলীর ছেলে সিংগাইরের চর গোলড়া নানীর বাড়িতে থেকে ঢাকায় চাকরি করতো। লাশ উদ্ধারের ৬ দিন পর নিহতের হাতের নখ ও আংটি দেখে তার পরিবার লাশটি শনাক্ত করে। প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার সকালে ঢাকার সূত্রাপুর থেকে হত্যাকারী ইমরানকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, নিহত আলিফ হত্যাকারী ইমরানের ঘনিষ্ঠ বন্ধু ছিলো। আলিফের কাছে টাকা পেত ইমরান। ঢাকায় ইমরানকে বছর খানেক আগে মারধর করেছিল আলিফ। সেই থেকেই শত্রুতার সূত্রপাত। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে গত ১৮ ফেব্রুয়ারি বেল্ট দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার পর লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেয় হত্যাকারী।

এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া বলেন, শুক্রবার সকালে ইমরানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন এসআই আনোয়ার। পরে শনিবার মানিকগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর