অমর একুশে বইমেলা ২০২০’ এ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক সিরাজাম মুনিরার ইংরেজি উপন্যাস ‘ফলেন পেটালস’ (Fallen petals) প্রকাশিত হয়েছে। বর্তমান সমাজব্যবস্থায় একজন নারীর অসহনীয় জীবন নিয়ে ইংরেজি ভাষায় লেখা উপন্যাস ‘ফলেন পেটালস’ (Fallen Petals)। ইংরেজি ভাষায় বাংলাদেশি ডায়াসপোরা সাহিত্য বাদ দিলে তিনিই প্রথম নারী যিনি ইংরেজিতে উপন্যাস লিখেছেন।
মেলার প্রথম দিন থেকেই প্রকাশনাসংস্থা চিহ্ন (স্টল নং-৩)এ পাওয়া যাচ্ছে সহজ সরল ইংরেজি ভাষায় লেখা বইটি। চিহ্ন প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির প্রচ্ছদ করেছেন এম এন হক।
ফলেন পেটালস’ সম্পর্কে জানতে চাইলে লেখিকা সিরাজাম মুনিরা বলেন, বর্তমান সমাজে নারীরা সবচেয়ে বেশি নিগৃহীত। একটা মেয়েকে কিছু বুঝে ওঠার আগেই চলে যেতে হয় স্বামীর বাড়িতে। সেখানেও স্বামী কর্তৃক নির্যাতিত হতে হয়। পরিবারে সবচেয়ে বেশি ভূমিকা রাখার পরেও এরকম অবহেলার স্বীকার নারীরা। এই বিষয়বস্তুর মাধ্যমে সাবলীল ও সহজ ইংরেজিতে লেখা বই এটি। এসবের কারণে কিভাবে সামাজিক অবক্ষয়, বহুবিবাহ, তালাক, সঙ্গীর প্রতি হীনতা, শারীরিক ও মানসিক শোষণ হয়ে চলেছে তাই সুচারুভাবে ফুটিয়ে তোলা হয়েছে বইটিতে।
তিনি আরো বলেন, অনেক প্রশংসা পাচ্ছি। ছাত্র ও সহকর্মীদের অনেকেই বইটি পড়ে অনেক আশ্চর্যান্বিত হয়েছেন। অনেকে বলছেন, আর্নেস্ট হেমিংয়ের মতো সুন্দর করে বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে এই উপন্যাসে। ভালো কিছুই হচ্ছে, সামনে আরও একটি কাজ নিয়ে আসছি।
সিরাজাম মুনিরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন। ‘ফলেন পেটালস’ এই শিক্ষিকার লেখা প্রথম ইংরেজি উপন্যাস।
বার্তাবাজার/এমকে