ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে আজ শনিবার সকালে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে।
নিহতরা হলেন, পথচারী মো. শহীদ মোল্লা (৬২)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলা জিংলাতলী ইউনিয়নের ছান্দ্রা গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে। নিহত অপর ২ জন ব্যক্তি হলেন দুই বোরকা ব্যবসায়ী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খেজুরবাগ গ্রামের শাহ আলমের ছেলে বোরকা ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম (৩৪) ও মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার কাঁঠালতলী গ্রামের আবি তাহেরের ছেলে মো. রমজান হোসেন (৪০)। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়। আহত হয়েছেন আরও ২০ জন।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম রমজান, সফিকুল ও শাহিন মোল্লা বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
হাইওয়ে পুলিশ বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী ‘খাদিজা ভিআইপি’ নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঝিংলাতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে স্থানীয় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বার্তাবাজার/এমকে