কনের সাজানোকে কেন্দ্র করে বর পক্ষের উপর হামলা, আহত ২০

বউ সাজানোকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে বিয়ে বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। যার ফলে বর পক্ষের ২০ জন আহত হয়। বরসহ গুরুতর আহত তিনজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কনের বাবা মোফাজ্জল হাওলাদারকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন।

তিনি জানান, বর পক্ষের লোকজন বিয়ে বাড়িতে খাবার শেষ করে দ্রুত বউ সাজিয়ে দিতে কনে পক্ষের লোকজনের কাছে অনুরোধ জানান। এর এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। পরে মেয়ে পক্ষের লোকজন বর পক্ষের লোকজনের ওপর উত্তেজিত হয়ে হামলা চালায়।

এ ঘটনায় বরের ভাই আবুল কালাম বলেন, ‘আমরা মোংলা সদর উপজেলা থেকে পাথরঘাটায় ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে আসি। বিয়ে বাড়িতে দুপুরের খাবারের পর কনেকে নিয়ে আমরা মোংলায় চলে যাওয়ার সিদ্ধান্ত আগে থেকেই তাদেরকে জানানো ছিলো। কেননা পাথরঘাটা থেকে মোংলা যেতে ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগে। তাই কনেকে সন্ধ্যা হওয়ার আগেই সাজিয়ে দিতে বললে মেয়ে পক্ষের লোকজন উত্তেজিত হয়। এবং এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর