মুজিববর্ষে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার জন্য সাময়িকভাবে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। দীর্ঘস্থায়ী সমাধানের জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর হাতিরপুলে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ সেলিম-দেলোয়ার দিবসের আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আপনাদের কথা দিয়েছেন করেছেন, মুজিববর্ষে দেশের শতভাগ মানুষের ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দেব। ক্রাইসিস অ্যাডজাস্টমেন্ট করার জন্যই উৎপাদন খরচ মিটিয়ে বিদ্যুৎ ব্যবস্থাকে আপনাদের কাছে সহজলভ্য করতে দাম কিছুটা বাড়াতে হচ্ছে। শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানোর জন্য আপনাদের কিছুদিন একটু কষ্ট হবে। এটা ভবিষ্যতের স্বার্থে মেনে নিন ’
উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৮শে ফেব্রুয়ারি এক ছাত্রমিছিলে তৎকালীন স্বৈরশাসকের লেলিয়ে দেওয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজধানীর ফুলবাড়িয়ায় শহীদ হন ছাত্রনেতা ঢাবির সূর্য সেন হলের ইব্রাহিম সেলিম ও জহুরুল হক হলের কাজী দেলোয়ার হোসেন। সেই উপলক্ষে প্রতিবছরের ন্যয় এবারও আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ডা.মোহাম্মদ ওয়াদুদ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মমতাজ উদ্দিন মেহেদী ও মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার ছিলেন বিশেষ অতিথি হিসাবে।
বার্তাবাজার/এসজে