পুলিশ বক্সে রহস্যজনক বিষ্ফোরণ, আহত ২ পুলিশ কর্মকর্তা
বন্দর নগরী চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৯টায় নগরীর ষোলশহর ২নং গেইট ট্রাফিক পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সার্জেন্ট আরফাত হোসেন ভূঁইয়া ও এএসআই আলাউদ্দীন।
বিস্ফোরণের ব্যাপারে ট্রাফিক বিভাগের (উত্তর) ডিসি শহীদুল্লাহ বলেছেন, কিভাবে এই বিস্ফোরণ হয়েছে তা সঠিক বলতে পারছিনা। তবে বিস্ফোরণের কারণ উদঘাটনে বোমা নিস্ক্রিয় টিম কাজ করছে এবং আহত পুলিশ সদস্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নগরীর ষোলশহর ২ নাম্বার গেইট পুলিশ ট্র্যাফিক বক্সে বিস্ফোরণে দগ্ধ হওয়া ২ জন পুলিশ সদস্যকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তারা চমেক হাসপাতাল ৩৬ নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তাদের শরীরের একজনের ৭ ও আরেকজনের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।
বার্তাবাজার/এসজে/ডব্লিও.এস