দীর্ঘ সময় ইনজুরির সাথে মোকাবিলা করে অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে আবারও বাইশ গজে ফিরছেন তিনি। তবে নিজের থেকেও কেউ ভালো করলে তাকে স্বাগতম জানান এই অলরাউন্ডার। বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একমাত্র ভরসার নাম মোহাম্মদ সাইফউদ্দিন এর কথা।
গেলো বছর ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে পিঠের ইনজুরিতে ছিলেন সাইফ। আর মাঠে নামা হয়নি তার। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরছেন তিনি। কিন্তু একাদশে জায়গা পাওয়াটা সহজ হবে না সাইফের। লড়াই করতে হবে মোস্তাফিজ, শফিউল ও আল-আমীনের সাথে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তিনি জানিয়েছেন ভিন্ন কথা, ‘চাপ না। উপভোগ করা দরকার। চোটের কারণে হয়তো পাঁচ মাস বাইরে ছিলাম। কিন্তু আমি বাজে পারফরম্যান্সের কারণেও দলের বাইরে ছিলাম আট মাস। আমি এসবে অভ্যস্ত। এখন হয়তো চোট থেকে ফিরছি। আগেও এমন হয়েছে। এসব আসলে চাপ না। পেশাদার হিসেবে এটাই সত্যি। ভালো খেললে থাকব। খারাপ খেলবে বাইরে চলে যাব।’
পেশাদার ক্রিকেটার হিসেবে উত্থান-পতন নিয়েই খেলতে হবে বলে মত সাইফউদ্দিনের, ‘সব পেসারই চোট থেকে সেরে মাঠে ফেরে। এটা অভ্যাস হয়ে গেছে। এটা আমার জন্য প্রথম না। অভ্যাস হয়ে গেছে। চোটের তো কোনো নিশ্চয়তা নেই। আমার পিঠের ব্যথা পুনর্বাসন প্রক্রিয়ায় ঠিক করেছি। এটা তো আসলে বলা যায় না। আর চোট তো আসলে শুধু পিঠে না, হ্যামস্ট্রিং, গ্রোয়েন, হাঁটুতেও হতে পারে। সব জায়গায় হতে পারে। গত পাঁচ-ছয় মাস যা করে এসেছি, সেগুলো করলে হয়তো এড়ানো যাবে। তবে কখন চোট হবে সেটা কিন্তু বলা কঠিন। ফিল্ডিং করতে গেলেও হতে পারে।’
চোট কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে মাঠে ফিরেছেন সাইফউদ্দিন। সেখানে অবশ্য নিজের সেরাটা দিয়ে খেলতে পারেননি। ফিজিও-চিকিৎসকদের বেঁধে দেওয়া নির্দিষ্ট ওভারের বেশি বল করতে পারেননি। তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় পুরো উদ্যমে মাঠে নামতে তিনি মুখিয়ে, ‘আমি সম্পূর্ণ ছাড়পত্র পেয়েছি মেডিক্যাল টিম থেকে। এখন আমার কোনো বাধ্যবাধকতা নেই।’
বার্তা বাজার/এম.সি