আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটারদের শতভাগ উপস্থিতির লক্ষ্যে সাধারণ ছুটি বন্ধ রাখার কথা ভাবছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই সংক্রান্ত কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে লম্বা ছুটির মাঝে। তার উপর নির্বাচনের দিনও সাধারণ ছুটি থাকলে বাড়িমুখো ভোটারদের কারণে নির্বাচনে ভোটারদের উপস্থিতিতে ঘাটতি দেখা যেতে পারে এবং এর দরুন নির্বাচনী ফলাফলেও ব্যতিক্রম ঘটার আশঙ্কা রয়েছে। তাই নির্বাচনের দিন শুধু স্কুল-কলেজ ছুটি দিয়ে এবং অফিস-আদালত খোলা রেখে নির্বাচন করা যায় কি না তা ভেবে দেখছে কমিশন। সম্প্রতি দেশে অনুষ্ঠিত বিভিন্ন উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকায় নানান আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনও যাতে লম্বা ছুটির দরুন ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্নবিদ্ধ না হয় তা নিয়ে ভাবছে নির্বাচন কমিশন।”
তিনি আরো বলেন, “বাংলাদেশে সব নির্বাচনেই ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২৯ মার্চ চট্টগ্রামের ভোটের আগে বৃহস্পতিবার স্বাধীনতা দিবস এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চারদিনের ছুটি থাকবে চট্টগ্রামে। তাই নির্বাচনের দিন কোন ছুটি না রাখার কথা ভাবছে নির্বাচন কমিশন।”
বার্তা বাজার / ডব্লিও.এস