ভারতের রাজধানী নয়াদিল্লিতে অন্তঃসত্ত্বার পেটে হামলাকারিরা লাথি মারার পরও সুস্থ শিশুর জন্ম দিয়েছেন শাবানা পারভীন নামে এক গৃহবধূ। যার ফলে চিকিৎসকরা এই শিশুর নাম দিয়েছেন ‘মিরাকল শিশু’। ওই গৃহবধূ দিল্লির করওয়াল নগরের বাসিন্দা। গত সোমবার রাতে তার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘জি নিউজ’।
শাবানার শাশুড়ি নাসিমা বলেন, ‘দুষ্কৃতিকারীরা রাতে হঠাৎ আমাদের বাড়িতে হামলা চালায়। তখন সবাই ঘুমিয়ে ছিল। অতর্কিত হামলার কারনে পালিয়ে যেতে পারিনি। শাবানাকে ওই অবস্থায় রেখে কীভাবেই বা পালিয়ে যাই! দুষ্কৃতিরা ধর্ম তুলে গালিগালাজ করে।’
তিনি আরও বলেন, তারা আমার ছেলেকেও মারধর করে। শাবানা বাধা দিতে গেল, তার ওপর হামলা চালানো হয়। এ সময় তারা শাবানার পেটে লাথি মারে। এতে প্রচণ্ড প্রসব যন্ত্রণা শুরু হয় শাবানার। ওই সহিংসতার মধ্যেই তাকে অল-হিন্দ হাসপাতালে নিয়ে যান তার স্বামী।
ওই হাসপাতালে গত বুধবার পুত্র সন্তানের মা হন শাবানা। মা এবং সদ্যোজাত দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানান, শাবানা যে সঙ্কটময় অবস্থায় ছিল সেখান থেকে মা ও সন্তান দুজনেই সুস্থ থাকা সত্যি অবাক করার মতো।
বার্তাবাজার/কেএ