চট্টগ্রাম বিমানবন্দরে ৭০৫ কার্টন বিদেশি সিগারেট সহ ৩ যাত্রীকে আটক করেছে এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দুবাই থেকে আগত তিন যাত্রীর কাছ থেকে তিন ভাগে মোট ৭০৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা। জব্দকৃত সিগারেট ও আটক যাত্রীদের বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণের কড়া নজরদারি জারি ছিল। যার পরিপ্রেক্ষিতে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ এ করে দুবাই হতে আসা একটি ফ্লাইটের তিন যাত্রী হতে তিন ভাগে মোট ৭০৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। যাত্রী মোহাম্মদ ইকবাল কবিরের কাছ থেকে ১৪৫ কার্টন, সাইফুল ইসলাম ও মোহাম্মদ সুমনের কাছে ২৮০ কার্টন করে ৫৬০ কার্টন সহ সর্বমোট ৭০৫ কার্টন ইজি ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা এবং ৭০৫ কার্টন সিগারেটের মোট মূল্য দারায় ১৪ লাখ ১০ হাজার টাকা।
উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে একাধিকবার বিদেশি সিগারেট ও স্বর্ণ চোরাচালানের পুনঃপুন চেষ্টায় একাধিক সিগারেটের চালান ও স্বর্ণের বার আটক করেছে বিমানবন্দর কাস্টমস, গোয়েন্দা সংস্থা এনএসআই সহ শুল্ক গোয়েন্দা অধিদফতর।
বার্তা বাজার/ডব্লিও.এস