জনগণ মরে গেলে সরকারের কিছুই আসে যায় না

জনগণের পকেটের টাকা কাটতেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। জনগণ মরে গেলে কিছুই আসে যায় না সরকারের বলে মন্তব্য করেছে ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

আজ শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ মন্তব্য করে দলটি। এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সরকারের প্রতিটি নীতি হচ্ছে হরিলুটের নীতি। জনগণ মরে যাক, তাতে সরকারের কিছুই আসে যায় না।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই বর্তমান সরকার কল্যাণের কথা চিন্তা করতে চায় না। জনগণের ওপর প্রতিশোধ নিতেই দফায় দফায় বিদ্যুৎসহ প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করছে এই সরকার।

আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম আরও বলেন, সরকারের উন্নয়নের কথার আড়ালে লুটপাটের মহোৎসবের কাহিনী এখন জনগণের মুখে মুখে। বিদ্যুতের এই দাম বাড়ানো সরকারের লুটপাটেরই অংশ মাত্র। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। স্বল্প আয়ের বিদ্যুৎ ব্যবহারকারীরা দুর্বিষহ অবস্থায় পড়বে। কলকারখানা ও কৃষিতে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর