ফরিদপুরের আলফাডাঙ্গায় গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরাইকৃত গরুসহ শহিদুল শরীফ (৪০) নামের এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক শহিদুল শরীফ উপজেলার পানাইল গ্রামের রোকনউদ্দিন শরীফের ছেলে।
এলাকাসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর এলাকার বাসিন্দা শাহজাহান শেখের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে ঘটনাস্থল দিয়ে পালানোর চেষ্টা করে শহিদুল শরীফ। এসময় ওই এলাকার কয়েকজন লোক মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় গরুসহ তাকে দেখতে পেয়ে সন্দেহ তৈরী হয়। পরে এলাকাবাসী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চুরির বিষয়টি স্বীকার করে সে।
এবিষয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম বার্তা বাজারকে বলেন, ‘স্থানীয় জনতা একটি চোরাইকৃত গরুসহ চোরকে আটক করে পুলিশে সংবাদ দেয়। এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে আমিসহ আমার সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে চোরইকৃত গরুসহ চোরকে আটক করে আলফাডাঙ্গা থানায় নিয়ে আসি।’
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ‘বার্তা বাজারকে’ জানান, ‘গরুর মালিক শাহজাহান শেখ গরু চোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।’
বার্তাবাজার/এমকে