বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে: এমপি আজিজ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পাবলিক লাইব্রেরি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহানের সভাপতিত্বে বই মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মো. আব্দুল আজিজ এমপি।

এ সময় প্রধান অতিথি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিচারণের পাশাপাশি ভাষা আন্দোলনে ছাত্র সমাজের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ভবিষ্যতে সোনার বাংলার নেতৃত্ব দেবে যারা, তাদের বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। শিশুদের মাঝেও বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ ও সাবিনা ইয়াসমিন বিনুর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম, কবি সাহিত্যিক এম রহমতউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিঞা প্রমুখ।

এ সময় উপজেলা পাবলিক লাইব্রেরির প্রকাশনায় ‘বর্ণমালা’ ও কবি হাদিউল হৃদয় এর সম্পাদনায় ‘হৃদয়ে চলন’ নামক দুটি পত্রিকা মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধন অনুুষ্ঠান শেষে মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মো. আব্দুল আজিজ এমপি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর