বিয়ে বাড়িতে স্প্রে দেওয়াকে কেন্দ্র করে বর-কনে পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ৬ জন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার দিনগত রাতে উপজেলার কাদিরপুর নোয়াবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত হয়েছেন, দীনেশ সরকার (২৫), রুবেল সরকার (২০), কৃষ্ণ সরকার (১৫), আকাশ সরকার (১৬), মধু সরকার (২৫) ও শ্রী কৃষ্ণ সরকার (৩০)।
আহতদের মধ্যে থেকে শ্রী কৃষ্ণ সরকার বলেন, বানিয়াচং উপজেলার কাদিরপুর নোয়াবাদ গ্রামের নান্টু সরকারের বোনের সাথে বিয়ে ঠিক হয় নবীগঞ্জ উপজেলার খরিয়া গ্রামের সেকুল সরকারের। বিয়ে বাড়িতে ওই সময় স্প্রে দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়।
বানিয়াচং থানার (ওসি) রঞ্জন কুমার সামন্ত বলেন, বিষয়টি অনেকের কাছেই শুনেছি। বিস্তারিত খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এমকে