চট্টগ্রাম মহানগরীতে কাজের কথা বলে এক টিভি মেকানিককে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে নারীর সঙ্গে অশ্লীল ছবি ধারণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক যুবতী সহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশের (সাইবার ক্রাইম) একটি দল।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) চান্দগাঁও থানাধীন ফরিদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের উক্ত দুই সদস্যকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের (সাইবার ক্রাইম বিভাগ) একটি দল।
অভিযানে নেতৃত্বদানকারী সিএমপি’র স্পেশাল টিম-০২ এর পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আজিজ আহমেদ বলেন, গত ২৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় ভুক্তভোগী টিভি মেকানিককে টিভি মেরামত করার কথা বলে চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদারপাড়া এলাকায় একটি বাসায় নিয়ে যায় প্রতারক চক্রের সদস্য জয়নাল আবেদীন প্রকাশ সাকিব (২৩)। বাসায় নেয়ার পর উক্ত প্রতারক চক্রের অন্যতম নারী সহযোগী সুমি আক্তার (২৮) সহ মিলে ভুক্তভোগীকে উপস্থিত নারীদের সাথে জোরপূর্বক অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটে ছড়িয়ে দিবে বলে হুমকি প্রদান করে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা মুক্তিপন দাবী করে। পরবর্তীতে ভুক্তভোগী তার আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন ধাপে বিকাশের মাধ্যমে সর্ব মোট ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা সংগ্রহ করে তাদের দেয়। কিন্তু প্ররতারক চক্রের সদস্যরা বাকী টাকা পরিশোধের জন্য ভুক্তভোগীকে শারীরিক ভাবে নির্যাতন করতে থাকে।
পরবর্তীতে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীর পরিবার পরিজন পুলিশের নিকট অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন এর সার্বিক দিক নির্দেশনা ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব পিযুষ চন্দ্র দাস এর তত্ত্বাবধানে বিশেষ টিম-০২ এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ আজিজ আহমেদ তাঁর সঙ্গীয় অফিসারদের সহায়তায় চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদারপাড়া এলাকায় এক নিরবিছিন্ন অভিযান পরিচালনার মাধ্যমে ভুক্তভোগীকে উদ্ধার পূর্বক উক্ত প্রতারক চক্রের সদস্য মোহাম্মদ জয়নাল আবেদীন প্রকাশ সাকিব (২৩) ও সুমি আক্তার (২৮) নামের দুই জনকে গ্রেফতার করে।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন যাবৎ প্রেমের ফাঁদে ফেলে, টিভি/ফ্রিজ ঠিক করার কথা বলে কিংবা বৈদ্যুতিক কাজ করার কথা বলে তরুন যুবক ও ব্যবসায়ীদেরকে জিম্মি করে শারীরিকভাবে নির্যাতন করে ও মহিলাদের সাথে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশ করার হুমকি প্রদান করে মুক্তিপন আদায় করে আসছিলো।
গ্রেফতার দুইজন হলেন, চান্দগাঁও মৌলভীপুকুর পাড় এলাকার মোহাম্মদ জামাল উদ্দীনের ছেলে মোহাম্মদ জয়নাল আবেদীন প্রকাশ সাকিব (২৩) ও ফটিকছড়ি মধ্যম কাঞ্চননগর এলাকার মোহাম্মদ ফয়সালের স্ত্রী সুমি আক্তার (২৮)। তারা প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ধৃত আসামীদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।