টাঙ্গাইলে বিআরটিএ’র ৬ দালাল আটক, জেল-জরিমানা

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইল অফিসে অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করেছে র‌্যাব। এদের মধ্যে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় এবং অপর তিনজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইল র‌্যাব-১২ এর সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অপারেশন কমান্ডার মো. শফিকুর রহমান এ তথ্য জানান।

অভিযানে আটকৃতরা হলেন, কালিহাতী উপজেলার বেড়ীপটল গ্রামের হাজী আব্দুল মজিদের ছেলে মো. ইসমাইল হোসেন (৪০), একই উপজেলার পাছ চাড়ান গ্রামের মৃত মহিউদ্দিন দেওয়ানের ছেলে মো. আব্দুস ছামাদ দেওয়ান (৫২), সদর উপজেলার নন্দবালা গ্রামের ওসমান গনির ছেলে মো. আইয়ুব আলী রিপন (২৮), দেলদুয়ার উপজেলার পাছ বাইমহাটী গ্রামের মৃত অক্ষয় চন্দ্র সরকারের ছেলে বিনয় চন্দ্র সরকার (৪৪), এছাড়াও ঘাটাইল উপজেলা সদরের মৃত কদ্দুস তালুকদারের ছেলে সেলিম রেজা (৫০) ও একই উপজেলার মনিদহ গ্রামের রহিজ উদ্দিনের ছেলে মো. এনামুল হক (৫২)।
র‌্যাব কর্মকর্তা শফিকুর রহমান জানান, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিআরটিএ কার্যালয়ের আশপাশের বিভিন্ন স্থান থেকে সক্রিয় দালাল চক্রের ওই ছয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিআরটিএ’র ফরম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি, ৬টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় টাঙ্গাইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. ইসমাইল হোসেনকে ৪৫ দিন, মো. আব্দুস ছামাদ দেওয়ানকে ৩০ দিন আর মো. আইয়ুব আলী রিপনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। এছাড়া অপর তিন আসামির প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর