পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকার ৩৯ জন হজ্ব যাত্রীকে হজ্ব পালনের কথা বলে প্রায় ৮২ লক্ষ টাকা আত্মসাৎতের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম হাফেজ আব্দুল জলিল (৫২)। তিনি সান ফ্লাওয়ার এয়ার লিংকার্স এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা থেকে আটক করে অভিযুক্ত হজ্ব এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিলকে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসলে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়,গত ২০১৯ সালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকার ৩৯ জন হজ্ব যাত্রীর কাছ থেকে প্রায় ৮২ লক্ষ টাকা আত্মসাৎ করে সান ফ্লাওয়ার এয়ার লিংকার্স হজ্ব এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল।হজ্বের সময় ঘনিয়ে এলে এটিএম ট্রাভেলস্ ও ট্যুরস্ লিমিটেড নামে অপর একটি এজেন্সির মাধ্যমে পাঠানোর কথা বলেন আব্দুল জলিল।কিন্তু তাতেও হজ্ব যাত্রীদের হজ্বে পাঠাতে পারেননি তিনি। পরে ওই ৩৯ জন হজ্বযাত্রী হজ্বে যেতে না পারায় পঞ্চগড়ের মুয়াল্লিম ওয়াছেদ আলী শাহ সহ দুই এজেন্সির ৭জনের নামে অভিযোগ করলে অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত সান ফ্লাওয়ার এয়ার লিংকার্স এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিলকে পঞ্চগড় সদর থানার এসআই শাহীনের নেতৃত্বে কুমিল্লা লাঙ্গলকোট থানার সহায়তায় কুমিল্লা থেকে আটক করে পঞ্চগড়ে নিয়ে আসা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু আক্কাস আহম্মেদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, পঞ্চগড়ের ৩৯ জন হজ্ব যাত্রীর টাকা সান ফ্লাওয়ার এয়ার লিংকার্সের ব্যবস্হাপনা পরিচালক আব্দুল জলিলের নামে আত্মসাৎতের অভিযোগ করলে অভিযোগের প্রেক্ষিতে আমরা কুমিল্লায় অভিযান চালিয়ে কুমিল্লার লাঙ্গলকোট থানা পুলিশের সহায়তায় আব্দুল জলিলকে আটক করে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসি এবং আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস